বরগুনা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় মাছ ধরার জালে প্যাঁচানো অবস্থায় ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে হরিণঘাটা সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার বলেশ্বর নদসংলগ্ন টেংরা এলাকার একটি খাল থেকে অজগরটি উদ্ধার করা হয়। উপকূল সুরক্ষা ফোরামের সদস্য মো: জাকির হোসেন সাপটি উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, টেংরা এলাকার ফার্মেসি ব্যবসায়ী আব্দুর রহিম স্থানীয় একটি খালে মাছ ধরার জালে প্যাঁচানো অবস্থায় অজগরটি দেখতে পান। পরে তিনি উপকূল সুরক্ষা ফোরামের সদস্য মো: জাকিরকে খবর দেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে জাল থেকে অজগরটি উদ্ধার করেন।
পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ বলেন, সকালে জাকির হোসেন জালে প্যাঁচানো অবস্থায় অজগরটি উদ্ধার করে নিয়ে আসেন। পরে বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে সাপটিকে হরিণঘাটা সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















