বরিশাল প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা শাখার আহবায়কসহ অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে ছাত্র অধিকার পরিষদে যোগদান করেছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরিশাল নগরীর সদর রোডস্থ অভিজাত হোটেল সেডোনার হলরুমে আলোচনা সভা ও ইফতার মাহফিলে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা শাখার আহবায়ক মো. সাব্বির হোসেন সোহাগ, সংগঠনের যুগ্ম আহবায়ক মো. সিফাত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সজল হাওলাদার সাওনের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী ও শিক্ষার্থীরা ছাত্র অধিকার পরিষদে যোগদান করেছেন।

যোগদান অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী কার্যকর নেতৃত্ব দিতে পারছে না। নতুন রাজনৈতিক কাঠামো ও সুসংগঠিত কর্মপরিকল্পনার অভাবে শিক্ষার্থীদের অধিকার আদায়ে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্র সংগঠন হিসেবে ছাত্র অধিকার পরিষদের প্ল্যাটফর্মকে অধিক কার্যকর মনে করে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
পাশাপাশি আগামীদিনে শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষাব্যবস্থার সংস্কার ও সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হবে।
নবযোগদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা শাখার আহবায়ক মো. সাব্বির হোসেন সোহাগ বলেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়, গণতান্ত্রিক চর্চা বিস্তার এবং দেশকে এগিয়ে নিতে আমরা ছাত্র অধিকার পরিষদে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছি। এই সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীদের পক্ষে দৃঢ়ভাবে কথা বলতে পারবো বলে আশা করছি।
এ সময় গণঅধিকার পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল ও বরিশাল মহানগরের আহবায়ক শফিকুল ইসলাম সাগরসহ জেলা ও মহানগরের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতীর কল্যাণ কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















