গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে আবারও প্রজেক্ট ফ্রিডম চালু করা হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১১ মে) সংবাদমাধ্যম ফক্স নিউজকে ফোনে ট্রাম্প জানান, এবার যদি প্রজেক্ট ফ্রিডম চালু হয় তাহলে এরসঙ্গে আরও অন্যান্য বিষয়ও যুক্ত থাকবে। শুধুমাত্র জাহাজকে নিরাপত্তেই দেওয়া হবে না, সঙ্গে ইরানের বিরুদ্ধে অভিযানও চালানো হবে।
দুই সপ্তাহ আগে আকস্মিকভাবে প্রজেক্ট ফ্রিডম চালুর ঘোষণা দেন ট্রাম্প। এ নিয়ে উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে কোনো ধরনের আলোচনা করেননি তিনি। এর জেরে সৌদি আরব ও বাহরাইন তাদের আকাশসীমা ও ঘাঁটি ব্যবহারে মার্কিনিদের ওপর নিষেধাজ্ঞা দেয়।

যার ফলে ট্রাম্প তার প্রজেক্ট ফ্রিডম অভিযান থেকে সরে যেতে বাধ্য হন। যদিও ট্রাম্প ওই সময় দাবি করেছিলেন, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় অভিযান স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দেয় ইরান। যা অগ্রহণযোগ্য হিসেবে অভিহিত করে প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। এমন অবস্থায় ফের প্রজেক্ট ফ্রিডম শুরুর ইঙ্গিত দিয়েছেন তিনি।

ডেস্ক রিপোর্ট 






















