বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার লেনদেন ও অর্থ প্রত্যাবাসন (রিপ্যাট্রিয়েশন) প্রক্রিয়া সহজ করতে নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে শেয়ার বা সিকিউরিটিজ বিক্রির অর্থ সরাসরি নন-রেসিডেন্ট ইনভেস্টরস টাকা অ্যাকাউন্ট (নিটা) হিসেবে জমা করা যাবে। এ জন্য আর অডিটরের সনদ (অডিটরস সার্টিফিকেট) জমা দিতে হবে না। আগে এ ক্ষেত্রে অডিটরস সার্টিফিকেট বাধ্যতামূলক ছিল।
বুধবার (২০ মে) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ (এফইআইডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

এতদিন প্রচলিত নিয়ম অনুযায়ী, বিদেশি বা প্রবাসী বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করলে সেই অর্থ নিটা অ্যাকাউন্টে জমা করার আগে মূলধনি মুনাফার (ক্যাপিটাল গেইন) ওপর প্রযোজ্য কর নির্ধারণ করতে হতো। এ করের পরিমাণ নির্ধারণে অডিটরের সনদ প্রয়োজন হতো, যা সংগ্রহ করতে গিয়ে দীর্ঘসূত্রতা তৈরি হতো এবং অর্থ বিদেশে পাঠানোর প্রক্রিয়াও বিলম্বিত হতো।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, শেয়ার বা সিকিউরিটিজ বিক্রির অর্থ সরাসরি সংশ্লিষ্ট নিটা অ্যাকাউন্টে জমা করা যাবে। তবে বিদেশে অর্থ পাঠানোর আগে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে প্রযোজ্য মূলধনি মুনাফা কর কেটে সরকারি কোষাগারে জমা নিশ্চিত করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এ সিদ্ধান্তের ফলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগ কার্যক্রম পরিচালনা সহজ হবে, সময় ও প্রশাসনিক জটিলতা কমবে এবং বিনিয়োগ পরিবেশ আরও গতিশীল হবে। একই সঙ্গে শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ আকর্ষণেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
সার্কুলারে আরও বলা হয়েছে, এ বিষয়ে পূর্বের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে এবং নতুন নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

ডেস্ক রিপোর্ট 






















