বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনা জেলার বামনা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মামা ও ভাগনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলা সদরের দক্ষিণ আমতলী গ্রামের নাজির বাড়িতে এ ঘটনা ঘটে। এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতরা হলেন, দক্ষিণ আমতলী গ্রামের তৈয়ব আলী নাজিরের ছেলে হাফেজ মুহাম্মদ তামিমুল ইসলাম তানভীর (২১) এবং পূর্ব সফিপুর গ্রামের গাজী মোস্তাফিজুর রহমানের ছেলে মুহাম্মদ ওবায়দুল্লাহ (৯)। তারা সম্পর্কে মামা-ভাগনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে মারা যাওয়া একজনের রুহের মাগফিরাত কামনায় বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের উপস্থিতিতে বাড়ি ছিল মানুষে পরিপূর্ণ। সবাই যখন অনুষ্ঠানের বিভিন্ন কাজে ব্যস্ত, তখন বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান তৈয়ব আলী নাজিরের ছেলে মসজিদের ইমাম ও সুবক্তা হাফেজ মুহাম্মদ তামিমুল ইসলাম তানভীর। তার সঙ্গে গোসল করতে যায় ঢাকার একটি হিফজ মাদরাসার শিক্ষার্থী, তার নয় বছর বয়সী ভাগনে মুহাম্মদ ওবায়দুল্লাহ।
স্বজনরা জানান, সম্প্রতি পুকুরটি নতুন করে গভীর করা হয়েছিল। গোসলের সময় ভাগনে ওবায়দুল্লাহ হঠাৎ পানিতে তলিয়ে যেতে শুরু করে। ছোট ভাগনেকে বাঁচাতে এক মুহূর্ত দেরি করেননি তার মামা। পানিতে ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে তাদের দুজনের কেউই সাঁতার জানতেন না। ফলে ভাগনেকে বাঁচাতে গিয়ে নিজেও পানির নিচে তলিয়ে যান। দীর্ঘ সময় তাদের কোনো সাড়া না পেয়ে বাড়ির লোকজন ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় দুজনকে পানি থেকে উদ্ধার করে দ্রুত বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
একই পরিবারের দুই সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। যে বাড়িতে কয়েক ঘণ্টা আগেও মৃতের আত্মার মাগফিরাত কামনায় দোয়া চলছিল, সেই বাড়িতেই মুহূর্তের ব্যবধানে দুটি তরতাজা প্রাণ হারানোর ঘটনায় স্বজনদের আহাজারিতে পরিবেশ হয়ে উঠে ভীষন ভারী।

ডেস্ক রিপোর্ট 























