কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনা উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে দুই নারীর কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করেছে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীকে আটক করা হয়েছে।
রোববার (২৮ জুন) সকাল ৯টা ও সাড়ে ৯টার দিকে উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় ঢাকা অভিমুখী মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার সদস্যরা। এ সময় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির শিকদারের নেতৃত্বে এসআই মো. আব্দুল বারেক ও সঙ্গীয় ফোর্স পাপিয়া ট্রান্সপোর্টের দুটি যাত্রীবাহী বাসে পৃথকভাবে তল্লাশি চালান।

পুলিশ জানায়, তল্লাশির সময় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কৈখালী গ্রামের বাসিন্দা এবং বর্তমানে গাজীপুরের টঙ্গী পশ্চিম এলাকার ব্যাংকের মাঠ বস্তিতে বসবাসকারী আঞ্জু বেগমের (৪৫) শরীরে স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
একই অভিযানে ঢাকার দারুস সালাম থানার বড়বাজার কোর্টবাড়ী এলাকার বাসিন্দা মৌসুমী (৩৪) এর শরীরে স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় আরও ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জাকির শিকদার বলেন, আটক দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ডেস্ক রিপোর্ট 






















