মাদারীপুর প্রতিনিধি: সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজস্ব অর্থায়নে গ্রামের একটি বেহাল সড়ক সংস্কার করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মাদারীপুরের কালকিনি উপজেলার সমাজসেবক আলহাজ্ব বাদল তালুকদার। তাঁর এ উদ্যোগে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে স্বস্তি পেয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে সরেজমিনে দেখা যায়, উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের সমিতির হাট থেকে মহরদ্দিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়গামী সড়কের হাবি কাজীর বাড়ি সংলগ্ন প্রায় ৫০০ মিটার গ্রামীণ রাস্তার সংস্কারকাজ চলছে। দীর্ঘদিন ধরে সড়কটির ওই অংশ খানাখন্দে ভরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে ডোবার মতো পরিস্থিতি সৃষ্টি হতো। এতে রিকশা, ভ্যানসহ ছোট যানবাহনের চলাচল প্রায় বন্ধ হয়ে যেত। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তেন স্কুল-কলেজের শিক্ষার্থী, বৃদ্ধ, অসুস্থ ব্যক্তি ও গর্ভবতী নারীরা। স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার বিষয়টি জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
এমন পরিস্থিতিতে এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন সমাজসেবক আলহাজ বাদল তালুকদার। তিনি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে শ্রমিক নিয়োগের পাশাপাশি ইট, বালু ও খোয়া সরবরাহ করে সড়কটির সংস্কারকাজ শুরু করেন। বর্তমানে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে।
স্থানীয় বাসিন্দা কাজী ওসমান বলেন, “রাস্তাটির কারণে আমাদের দীর্ঘদিন কষ্ট করতে হয়েছে। বৃষ্টি হলেই পানি জমে যেত, রিকশা-ভ্যান পর্যন্ত আসতে চাইত না। বাদল ভাই নিজের অর্থে রাস্তা সংস্কার করে আমাদের বড় উপকার করেছেন। আমরা তাঁর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
সমাজসেবক আলহাজ বাদল তালুকদার বলেন, “মানুষের কষ্ট দেখে চুপ করে থাকতে পারিনি। কোনো প্রচার বা ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেই নিজের সামর্থ্য অনুযায়ী রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছি। সমাজের সামর্থ্যবানরা নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে অনেক জনসমস্যার দ্রুত সমাধান সম্ভব।”
বাদল তালুকদারের এই উদ্যোগে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। স্থানীয়রা তাঁর মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তাঁকে অভিনন্দন জানিয়ে লিখছেন, জনকল্যাণে এমন উদ্যোগ সমাজের অন্য বিত্তবানদেরও অনুপ্রাণিত করবে।

ডেস্ক রিপোর্ট 





















