মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, নদীভাঙন রোধে বিএনপি সরকার আন্তরিক ও সোচ্চার রয়েছে। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় আছে এবং জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদীর ভাঙন রোধে জরুরি তীর সংরক্ষণ (তীর প্রতিরক্ষা) কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি খোকন তালুকদার বলেন, “আমাদের এই অঞ্চলের জনগণকে আমি আশ্বস্ত করতে চাই, নদীভাঙন রোধে বিএনপি সরকার এবং আমরা সবাই সোচ্চার রয়েছি। ভাঙনকবলিত মানুষের পাশে আমরা আছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যাতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় স্থানে জিওব্যাগ ফেলে নদীভাঙন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।”
তিনি আরও বলেন, “আমরা চেষ্টা করব এখানে স্থায়ীভাবে ব্লক বসিয়ে টেকসই তীররক্ষা বাঁধ নির্মাণের মাধ্যমে বাঁশগাড়ী ইউনিয়নকে নদীভাঙনের হাত থেকে রক্ষা করতে। নদী, খাল এবং নদীপাড়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে। এ বিষয়ে বিভিন্ন নির্বাচনী এলাকার সংসদ সদস্যরাও কাজ করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও নদীভাঙনকবলিত মানুষের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্ব দিচ্ছেন।”
এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদার, যুবদল নেতা মামুন শিকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ডেস্ক রিপোর্ট 






















