শেয়ারবাজারে তালিকাভুক্ত এএফসি অ্যাগ্রো বায়োটেকের কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ অবস্থায় পেয়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
বৃহস্পতিবার (৯ জুলাই) কোম্পানিটির কারখানা পরিদর্শনে গেলে উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকার তথ্য পায় ডিএসইর পরিদর্শক দল।
এর আগে গত ২৫ জুন একই গ্রুপের আরেক কোম্পানি একটিভ ফাইন কেমিক্যালসের কারখানা বন্ধ পায় ডিএসই।
ডিএসই সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার পরিদর্শনের সময় কারখানায় কোনো ধরনের উৎপাদন বা স্বাভাবিক কার্যক্রম চলমান ছিল না। তবে কী কারণে কারখানা বন্ধ রয়েছে, সে বিষয়ে কোম্পানির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
এএফসি অ্যাগ্রো বায়োটেক ২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ১১৫ কোটি ২২ লাখ টাকা। এর মধ্যে ৭২ দশমিক ১৬ শতাংশ শেয়ার উদ্যোক্তা ও পরিচালক ছাড়া সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারদর ছিল ৭ টাকা ৯০ পয়সা।
অন্যদিকে, একটিভ ফাইন কেমিক্যালস ২০১০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ২৩৯ কোটি ৯৪ লাখ টাকা। এর মধ্যে ৮৭ দশমিক ৯৬ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে। বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারদর ছিল ৭ টাকা ৩০ পয়সা।

ডেস্ক রিপোর্ট 






















