ভারতীয় রেলের ইতিহাসে যুক্ত হলো নতুন অধ্যায়। আজ ১৭ জুলাই শুক্রবার দেশটির প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গত ২২ মে এই ট্রেনে যাত্রী পরিবহণের অনুমোদন দিয়েছিল ভারতের রেল বিভাগের নীতি নির্ধারনীয় সংস্থা ইন্ডিয়ান রেল বোর্ড (আইআরবি)। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, এটি বিশ্বের দীর্ঘতম এবং সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন–চালিত ব্রডগেজ ট্রেন হতে চলেছে। হয়েছিল ট্রায়াল রানও। এ বার যাত্রী নিয়ে ট্র্যাকে ছুটবে ট্রেন।
হাইড্রোজেনকে বিশ্বের অন্যতম ‘পরিচ্ছন্ন জ্বালানি’ হিসেবে বিবেচনা। তাই এই পরিবেশবান্ধব জ্বালানি পরিবহণের জগতকে এক নতুন দিশার দিকে নিয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।
হাইড্রোজেন থেকে তৈরি হয় বিদ্যুৎ। তা দিয়েই ছুটবে ট্রেন। এই প্রক্রিয়ায় কোনও ধোঁয়া বা ক্ষতিকর গ্যাস নির্গত হয় না, বের হয় শুধু জলীয় বাষ্প। কার্বন নিঃসরণও প্রায় শূন্যের কোঠায়। এসব কারণেই বিশ্বের উন্নত দেশগুলোতে জীবাশ্ম জ্বালানির জায়গায় ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করছে হাইড্রোজেন জ্বালানি।
জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান ও চিনের মতো দেশে ট্রেন-বাস চলছে হাইড্রোজেনে। এ বার এই তালিকায় যুক্ত হতে চলেছে ভারতের নাম। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই হাইড্রোজেন চালিত ট্রেন। রেল বোর্ডের তরফে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘Hydrogen for Heritage’।

ডেস্ক রিপোর্ট 






















