গাজীপুর প্রতিনিধিঃ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গাজীপুর-এর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের “বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বেলুন উড্ডয়ন, কেক কাটা, বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের শহিদ আবু সাঈদ প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে বিদায়ী শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য আন্তরিক শুভকামনা জানিয়ে তিনি বলেন, “আজকের এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তোমাদের মাঝে উপস্থিত থেকে কিছু কথা বলতে পেরে খুবই আনন্দিত। দীর্ঘ শিক্ষাজীবনের এই অধ্যায় শেষ করে তোমরা আজ বাস্তব জগতের দিকে পা বাড়াচ্ছ, যেখানে তোমাদের অর্জিত একাডেমিক জ্ঞানের পাশাপাশি ম্যানেজমেন্ট স্কিল, প্রেজেন্টেশন স্কিল, লিডারশিপ স্কিল, এক্সট্রা-কারিকুলার স্কিলগুলো কাজে লাগানোর সময় এসেছে। এই বিভাগে তোমরা যে গবেষণা দক্ষতা, বিশ্লেষণী চিন্তাশক্তি, প্রসেস ইঞ্জিনিয়ারিং বিষয়ক শিক্ষা অর্জন করেছ, তা তোমাদের জ্বালানি ও পেট্রোলিয়াম শোধনাগার, সার কারখানা, ওষুধ শিল্প, টেক্সটাইল ও ডাইং, খাদ্য প্রক্রিয়াকরণ, সিমেন্ট ও কাগজ শিল্প, পেট্রোকেমিক্যাল, পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা, পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি খাতে সাফল্যের সাথে কাজ করার পথ সুগম করবে।”
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. রুমা এবং পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় দ্বিতীয় ক্যাম্পাসে জমকালো কালচারাল নাইট ইভেন্টের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

ডেস্ক রিপোর্ট 





















