দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা, বৃক্ষ রোপণ ও বাল্যবিবাহ রোধে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলার ঐতিহ্যবাহী উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী’র নেতৃত্বে প্রথমে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা ও মশা নিধন স্প্র করা হয়।
এরপর বিদ্যালয় আঙ্গিনায় বিভিন্ন ফলদ, বনজ ও বৃক্ষ জাতীয় বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করা হয় এবং বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের করনীয় বিষয় পরামর্শ দেন।
এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার একেএম শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মাৎ খাদিজা বেগম ও উপজেলা স্কাউট সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী লতিফ মোহসেনা পাবলিক মাধ্যমিক বিদ্যালয়, জামলা এইচ আব্দুল গনি দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং গাছের চারা রোপন করেন।

ডেস্ক রিপোর্ট 






















