ঢাকাই সিনেমার মহীরুহ ছিলেন রাজ্জাক। নায়করাজ খ্যাত এই অভিনেতা দীর্ঘ ক্যারিয়ারে নিজের অভিনয় দিয়ে সমৃদ্ধ করেছেন ঢালিউড; সেই সঙ্গে অভিভাবকের মতো পথ দেখিয়েছেন কয়েক প্রজন্মকে। তার সান্নিধ্য পাওয়া তারকারাও অকপটে কৃতজ্ঞতা প্রকাশ করেন আজও।
তেমনই এক তারকা রুমানা মোর্শেদ কনকচাঁপা। বাংলা গানের নন্দিত গায়িকা। রাজ্জাক প্রযোজিত সবগুলো সিনেমায় গেয়েছেন তিনি। তার কণ্ঠ এতটাই পছন্দ করতেন নায়করাজ।
রাজ্জাকের সঙ্গে প্রথম কবে দেখা হয়েছিল, সেই স্মৃতি সামনে আনলেন কনকচাঁপা। বুধবার (১৬ সেপ্টেম্বর) ফেসবুকে একটি পোস্ট করে শিল্পী লেখেন, “তার সাথে পয়লা দেখা হয় ছিয়াশি (১৯৮৬) সালে; একটা অনুষ্ঠানে। আমার নাম জেনে নিয়ে বললেন, ‘এইটুকুন মেয়ে কিভাবে এত ভালো গাইলে? তুমি ছবিতে গেয়েছো?’ আমি নিরুত্তর! উত্তর দিতে পারলে তো! মহানায়ককে চোখের সামনে দেখে হতবিহ্বল হয়ে গিয়েছিলাম।”
দ্বিতীয় দেখার স্মৃতি জানিয়ে কনকচাঁপা লেখেন, “এর পর একটা প্লেব্যাক রেকর্ডিংয়ে দেখা। তিনি বললেন, ‘আমি জানতাম, এ জায়গাটা তোমার। তুমি তোমার করে নাও, আশীর্বাদ।’ আমি তখনো তাকে দেখি। এরপর উনি যত ছবি প্রযোজনা করেছেন, সবগুলো ছবিতেই আমার গান থাকতো। আমাকে ডাকতেন কনাচাঁপা। আমার সাহেবকে (স্বামী) ডাকতেন জামাইবেটা। যেন নিজের মেয়েজামাই। আমি ভাবতাম আমার সময়ে যদি রাজ্জাক-কবরীকে পেতাম! উনি বলে বসলেন, ‘আহা, আমাদের সময়ে যদি তোমাকে পেতাম!’ টুক করে পায়ে হাত দিয়ে সালাম করতেই বললেন, ‘এ মেয়ে তো পাগলি আছে!’ এত বড় একজন মানুষ, অথচ এত সহজ, ভাবাই যায় না।”

ডেস্ক রিপোর্ট 






















