সৌদি আরবের কাছে ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলার মূল্যের ৪৮টি সর্বাধুনিক এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর এটিই রিয়াদের কাছে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সামরিক অস্ত্র বিক্রি বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে।
দীর্ঘদিন ধরে এফ-৩৫ যুদ্ধবিমান ক্রয়ের চেষ্টা চালিয়ে আসছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ হিসেবে বর্তমানে কেবল ইসরায়েলের কাছেই এই যুদ্ধবিমান রয়েছে। রিয়াদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার নানা কূটনৈতিক আলোচনার পরও সৌদি আরবের হাতে এই অত্যাধুনিক যুদ্ধবিমান পৌঁছানো নিয়ে অতীতে একাধিকবার উদ্বেগ প্রকাশ করে ইসরায়েল।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, এই প্রস্তাবিত বিক্রয় নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি মার্কিন বাহিনীর সঙ্গে সমন্বয় আরও বাড়াবে; যা বিদ্যমান ও ভবিষ্যতের যেকোনো হুমকি মোকাবেলায় সৌদি আরবের সক্ষমতা বৃদ্ধি করবে।
বিবৃতিতে বলা হয়, এই চুক্তি সৌদি আরবের সামরিক বহরকে শক্তিশালী এবং আকাশ থেকে আকাশে ও আকাশ থেকে ভূমিতে হামলা প্রতিরক্ষায় দেশটির সক্ষমতা নিশ্চিত করবে।
ওয়াশিংটনে নিযুক্ত সৌদি দূতাবাস মার্কিন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, এই চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের দ্বি-পাক্ষিক সম্পর্কের শক্তি ও স্থায়িত্বেরই বহিঃপ্রকাশ।
দূতাবাস বলেছে, দুই দেশের দীর্ঘদিনের নিরাপত্তা সহযোগিতা আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা, যৌথ প্রতিরক্ষা সক্ষমতা জোরদার এবং অভিন্ন নিরাপত্তা স্বার্থকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে ইরানের সামরিক বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখোমুখি হচ্ছে সৌদি আরব। পাশাপাশি ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের লক্ষ্যবস্তুতেও পরিণত হয়েছে দেশটি।
ইয়েমেনের গৃহযুদ্ধ বছরের পর বছর ধরে ঝিমিয়ে থাকলেও গত জুলাইয়ে হুথি এবং রিয়াদ-সমর্থিত বাহিনীর মধ্যে নতুন করে লড়াই তীব্র আকার ধারণ করে। এরপরই সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করে লোহিত সাগরে চলাচলকারী সৌদি জাহাজে হামলা শুরু করে হুথি বিদ্রোহীরা।
এই সংঘাতে ওয়াশিংটন সরাসরি জড়িয়ে না পড়লেও চলতি সপ্তাহের শুরুতে মার্কিন এক কর্মকর্তা বলেছে, সৌদি বাহিনীকে গোয়েন্দা তথ্য সরবরাহ ও কৌশলগত পরিকল্পনায় সহায়তা দিতে একটি আমেরিকান সামরিক টাস্কফোর্স কাজ করছে।

ডেস্ক রিপোর্ট 






















