গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রাকের চাপায় অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হন। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ধীরাশ্রম এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং আহত তিনজনকে হাসপাতালে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















