কিলিয়ান এমবাপে না থাকায় ফ্রান্সের নেতৃত্বের দায়িত্ব পেতে যাচ্ছেন ওসমান দেম্বেলে। বেলজিয়াম ও ইতালির বিপক্ষে আসন্ন নেশনস লিগের ম্যাচে ফ্রান্সের অধিনায়কের আর্মব্যান্ড পরার কথা এই ফরোয়ার্ডের।
তবে ডেম্বেলের অধিনায়কত্ব নির্ভর করছে তার একাদশে থাকা না থাকার ওপর। জিনেদিন জিদান যদি তাকে শুরু থেকে খেলান, তাহলেই প্রথমবারের মতো ম্যাচের শুরুতে ফ্রান্সের অধিনায়ক হিসেবে মাঠে নামবেন ২৯ বছর বয়সী এই তারকা।
শুক্রবার তুরস্কের বিপক্ষে ফ্রান্সের ১-০ গোলের জয়ে এমবাপে চোটে পড়েন। ম্যাচের একমাত্র গোলটিও করেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড। পরে চোটের কারণে চলতি আন্তর্জাতিক বিরতির বাকি ম্যাচগুলো থেকে ছিটকে যান তিনি।
এমবাপের অনুপস্থিতিতে জিদানের পরিকল্পনায় দেম্বেলের গুরুত্বও বেড়েছে। তুরস্কের বিপক্ষে তাকে আক্রমণের কেন্দ্রে খেলান ফ্রান্স কোচ। বেলজিয়ামের বিপক্ষেও একই দায়িত্বে দেখা যেতে পারে তাকে।
জাতীয় দলের হয়ে দেম্বেলের অভিজ্ঞতাও কম নয়। ফ্রান্সের হয়ে তার ৬৮টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। অধিনায়কত্বের দৌড়ে তার পরেই আছেন আদ্রিয়েন র্যাবিওট ও জুল কুন্দে। তাদের আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা যথাক্রমে ৬৭ ও ৫৭।

ডেস্ক রিপোর্ট 






















