একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার মাটিতে অবস্থান করছে বাংলাদেশ দল। শুরুতে দুই ম্যাচের টেস্ট সিরিজে লড়বে টাইগাররা। তার আগে দলের সঙ্গে যুক্ত হয়েছেন নতুন ব্যাটিং কোচ ডেল বেনকেনস্টাইন। নিজ দেশের কন্ডিশন, পেসার কিংবা ব্যাটারদের আরও কাছ থেতে দেখেছেন এই কোচ।
বেনকেনস্টাইন নিজেও জানেন আফ্রিকার বোলারদের শক্তিমত্তা সম্পর্কে। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বোলাররা নিজেদের শক্তি অনুযায়ী গতি ও বাউন্স দিয়ে আক্রমণ করবে। তবে গত কয়েক মাসে স্টার্ক, হ্যাজেলউডদের মতো বোলারদের মোকাবিলা করায় বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস থাকার কথা।’
নতুন কোচ আশাবাদী অস্ট্রেলিয়া সিরিজ ভালো করায় দ্রুত এখানেও মানিয়ে নেবে দল, ‘অস্ট্রেলিয়ায় দারুণ একটি সিরিজ খেলে আসায় তাদের আত্মবিশ্বাস যথেষ্ট আছে। সেখানকার কন্ডিশনের সঙ্গে দক্ষিণ আফ্রিকার কন্ডিশনেরও বেশ মিল রয়েছে। তাই তারা এখানেও মানিয়ে নিতে পারবে বলে আশা করি।’
পরে সবশেষ টেস্ট সিরিজের ব্যর্থতা প্রশ্নে ডেল বেনকেনস্টাইন বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমি দলের সঙ্গে ছিলাম না। তবে আমার মনে হয়েছে, খেলোয়াড়রা অস্ট্রেলিয়া সফর নিয়ে অনেক কথা বলছে এবং সেখান থেকে যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে এসেছে।’

ডেস্ক রিপোর্ট 






















