সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী বাব আল-মানদেব প্রণালীর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে দাবি করেছে সানা। প্রণালীর কাছে ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের সঙ্গে সরকারি বাহিনীর লড়াইয়ের মাঝেই ওই দাবি করা হয়েছে।
সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বাব আল-মানদেব প্রণালীর নিয়ন্ত্রণের বিষয়ে ওই দাবি করেছেন ইয়েমেনের তথ্যমন্ত্রী মুয়াম্মার আল-ইরানি।
ইরান সমর্থিত হুথিরা গত মাসে প্রণালীর সবচেয়ে সংকীর্ণ অংশের কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা দুবাব দখলের পর বিশ্ব জ্বালানি বাজারে ব্যাপক অস্থিরতা তৈরি হয়। এমন পরিস্থিতিতে সৌদি বিমান বাহিনীর সহায়তায় ইয়েমেনের সরকারি বাহিনী উপকূলজুড়ে দ্রুত অগ্রসর হয়ে এলাকাটির প্রধান প্রধান অবস্থান পুনরায় নিয়ন্ত্রণে নিয়েছে।
ইয়েমেনের তথ্যমন্ত্রী ইরানি বলেছেন, সামরিক বাহিনী প্রণালীর ঠিক ভেতরে অবস্থিত দুবাব বিমান উড্ডয়নক্ষেত্র দখল করে নিয়েছে এবং ওই এলাকায় আটকে পড়া বাকি হুথি সেনাদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। তবে দেশটির সরকারের অন্য একটি সূত্র বলেছে, প্রণালীর কাছে একটি সামরিক ঘাঁটিতে লড়াই এখনও চলছে।
এদিকে সরকারি বাহিনীর অগ্রগতির খবর অস্বীকার করে একে সম্পূর্ণ অসত্য বলে দাবি করেছেন হুথিরা। একই সঙ্গে তারা সৌদি আরবের আকাশসীমায় উড্ডয়নরত যেকোনো বিমানকে লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছে।
রয়টার্স লিখেছে, প্রণালীর চারপাশের উপকূলীয় এলাকা নিয়ন্ত্রণে এলে ভূমধ্যসাগর ও ভারত মহাসাগরের মধ্যকার জাহাজ চলাচলে ব্যাঘাত ঘটানো হুথিদের জন্য কঠিন হয়ে পড়বে। তবে উপকূলের আরও ভেতরের অঞ্চল ও দূরবর্তী অবস্থান থেকে ড্রোন হামলা চালিয়ে জাহাজকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা এখনও রয়েছে হুথিদের।
ইয়েমেন সরকারের পাঁচটি সামরিক সূত্র বলেছে, হুথিরাও পাল্টা হিসেবে তাইজ শহরের কাছে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। সেখানকার একটি পাহাড়ি সড়কের কয়েকটি অংশ দখলে নিয়ে অবস্থানরত সরকারি বাহিনীকে অবরুদ্ধ করে ফেলেছে। তবে সরকারের অপর একটি সূত্র সড়কটি বিচ্ছিন্ন হওয়ার খবর অস্বীকার করেছে।

ডেস্ক রিপোর্ট 






















