এক কিংবদন্তির বিদায়, কিন্তু তার বিখ্যাত ১০ নম্বর জার্সির নয়। আর্জেন্টিনার হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছেন লিওনেল মেসি। ২০০৯ সাল থেকে যে জার্সি গায়ে জড়িয়ে ইতিহাস লিখেছেন, সেটি মেসির সঙ্গে অবসরে পাঠাতে চেয়েছিলেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া। কিন্তু ফিফার নিয়মের কারণে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।
৩৯ বছর বয়সী মেসি মঙ্গলবার বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে ২০৮তম ও শেষ ম্যাচ খেলবেন। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টিনাকে ২০২২ বিশ্বকাপ এবং দুটি কোপা আমেরিকা জিতিয়েছেন তিনি।
ফরাসি ওয়েবসাইট ফুট মারকাতোর বরাত দিয়ে গোল ডটকম এক প্রতিবেদনে বলছে, মেসির বিদায়ের পর তার সম্মানে ১০ নম্বর জার্সি তুলে রাখতে চেয়েছিলেন তাপিয়া। অর্থাৎ ভবিষ্যতে আর কোনো আর্জেন্টাইন ফুটবলারের গায়ে ১০ নম্বর জার্সি না দেওয়ার পরিকল্পনা ছিল তাদের।
তবে আন্তর্জাতিক ফুটবলের বড় টুর্নামেন্টে ফিফার নিয়মই এখানে বাধা। বিশ্বকাপ বা কোপা আমেরিকার মতো আসরে দলগুলোকে ১ থেকে ২৬ নম্বর পর্যন্ত জার্সি বরাদ্দ করতে হয়। ফলে ১০ নম্বর জার্সি পুরোপুরি বাদ দেওয়ার সুযোগ নেই।
কিছু প্রীতি ম্যাচে আর্জেন্টিনা চাইলে ১০ নম্বর জার্সি খালি রাখতে পারে। কিন্তু অফিসিয়াল আন্তর্জাতিক টুর্নামেন্টে একজন খেলোয়াড়কে সেটি পরতেই হবে।
অর্থাৎ মেসি বিদায় নিলেও আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির যাত্রা থামছে না। ২০৩০ বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকায় আবারও কোনো একজনের গায়ে দেখা যাবে ঐতিহাসিক এই নম্বর।

ডেস্ক রিপোর্ট 





















