রোমার ব্রাজিলিয়ান ডিফেন্ডার ওয়েসলিকে দলে ভেড়ানোর দৌড়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে চ্যালেঞ্জ জানাচ্ছে আর্সেনাল ও নিউক্যাসল ইউনাইটেড। ২৩ বছর বয়সী এই রাইট উইং-ব্যাককে নিয়ে তিন ইংলিশ ক্লাবেরই আগ্রহ রয়েছে।
গত বছর প্রায় ৩০ মিলিয়ন ইউরোতে ওয়েসলিকে রোমায় এনেছিল ক্লাবটি। তবে গিয়ান পিয়েরো গাসপেরিনির অধীনে দারুণ পারফরম্যান্সের পর তার মূল্য এখন দ্বিগুণ হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েসলিকে পেতে অন্তত ৬০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে আগ্রহী ক্লাবকে।
চেলসিও গত বছর ওয়েসলিকে দলে নিতে চেয়েছিল। তবে রোমায় থাকার ইচ্ছা থাকায় সে সময় স্ট্যামফোর্ড ব্রিজে যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন ব্রাজিলিয়ান এই ফুটবলার। এখন ইউনাইটেড, আর্সেনাল ও নিউক্যাসল তাকে পেতে আগ্রহ দেখাচ্ছে।
রক্ষণভাগ শক্তিশালী করা ইউনাইটেডের অন্যতম অগ্রাধিকার। বিশেষ করে দুই প্রান্তে নতুন ফুল-ব্যাক এবং একজন সেন্টার-ব্যাক নেওয়ার পরিকল্পনা করছে তারা। সেই পরিকল্পনায় ওয়েসলিকে সম্ভাব্য ডান পাশের সমাধান হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ওয়েসলি এরই মধ্যে রোমার গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন। তাকে বিক্রি করলে বিকল্প হিসেবে মোনাকোর ভান্দেরসনকে বিবেচনা করছে ইতালিয়ান ক্লাবটি। ফলে ওয়েসলিকে ঘিরে আগামী দলবদলে বড় লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















