ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অসদুপায় অবলম্বন এবং গোপনে মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের দায়ে চার শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বহিষ্কৃত শিক্ষার্থীরা সবাই রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কবি নজরুল সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত বহিষ্কৃত শিক্ষার্থীদের নাম ও পরিচয় প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কেন্দ্র ও কলেজ সূত্রে জানা গেছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীন সাতটি ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য পৃথক পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্রে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার পরীক্ষা চলাকালে কেন্দ্রের হল পর্যবেক্ষক ও পরীক্ষা শৃঙ্খলা কমিটির সদস্যরা নিয়মিত তল্লাশি চালান। তল্লাশির একপর্যায়ে ওই চার শিক্ষার্থীর কাছ থেকে মুঠোফোন, ব্লুটুথ ডিভাইস এবং বইয়ের ছেঁড়া পৃষ্ঠা উদ্ধার করা হয়।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে কবি নজরুল সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক আফসানা পারভিন জানান, স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষার হলে তল্লাশি চালিয়ে কয়েকজন শিক্ষার্থীর কাছে বইয়ের পৃষ্ঠা, মুঠোফোন ও ব্লুটুথ ডিভাইস পাওয়া গেছে। পরীক্ষার শৃঙ্খলাপরিপন্থি এমন কার্যক্রমে জড়িত থাকার অপরাধে চার শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

ডেস্ক রিপোর্ট 






















