একটা সময় নিজের একটি বাড়ির স্বপ্ন দেখতেন স্বয়ং শাহরুখ খানও! ক্যারিয়ার শুরুর আগেই বিয়ে করেছিলেন; আর বিয়ের আগে, তখন পর্যন্ত নিজের একটি বাড়ি হয়ে ওঠেনি তার। সেই শাহরুখ খান এখন বলিউড কিং, ভারতের শীর্ষ ধনকুবেরের একজন। তার বর্তমান বাড়ি ‘মান্নাত’ বিশ্বের দামি বাড়ির একটি।
কিন্তু একটা সময় একটি বাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখতেন শাহরুখ। সে কথাই স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হলেন। দুবাইয়ে এক বিশেষ অনুষ্ঠানে স্ত্রী গৌরী খানকে নিয়ে হাজির হয়েছিলেন শাহরুখ। পরিচালক করণ জোহরের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে নিজের জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন বলিউড কিং; সেখানেই উঠে আসে এসব কথা।
শাহরুখ বলেন, ‘আমি আমার পরিবার এবং কাজকে অবশ্যই ভালোবাসি, কিন্তু পৃথিবীতে সবকিছুর চেয়ে বেশি যা ভালোবাসি তা হলো নিজের একটা বাড়ি। এই নিয়ে আমার ছেলেমেয়েরাও আমাকে নিয়ে মজা করে। যখনই আমরা কোনো নতুন শহরে গাড়ি নিয়ে ঘুরি আর শহরটা আমার পছন্দ হয়, আমি ওদের বলি এখানে একটা বাড়ি কিনতে হবে! ওরা হেসে বলে, প্রতিটা শহরে বাড়ি কেনা সম্ভব নয়।’
স্ত্রীকে নিয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন শাহরুখ- তার সরল স্বীকারোক্তিতে এলো এমনই ছাপ। তার কথায়, ‘আমি ভাগ্যবান। গৌরীকে বিয়ে করার আগ পর্যন্ত আমার নিজের কোনো বাড়ি ছিল না।’
অল্প বয়সে বাবা-মাকে হারিয়েছিলেন শাহরুখ। সে সময় নিজের একটি বাড়ির অভাব তাকে কীভাবে ভাবাত, অনুষ্ঠানে সে কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি যারা স্বপ্নের বাড়ি কেনার পরিকল্পনা করছেন, তাদের উদ্দেশে দেন অনুপ্রেরণামূলক বার্তা।
শাহরুখ জানান, গৌরীর সঙ্গে প্রথম যে বাড়িটি কিনেছিলেন, সেটিও তাদের সামর্থ্যের বাইরে ছিল। এমনকি মান্নাত কেনার সময়ও একই পরিস্থিতি ছিল। তিনি বলেন, ‘গৌরী আর আমি যখন প্রথম বাড়ি কিনেছিলাম, সেটা আমাদের সাধ্যের বাইরে ছিল; এমনকি শেষ যে বাড়িটা অর্থাৎ মান্নাত কিনেছি, সেটাও আমাদের সাধ্যের বাইরে ছিল। কিন্তু আমি সবাইকে বলতে চাই, আপনি যখন মন থেকে স্বপ্নের বাড়ির জন্য মান্নাত (প্রার্থনা) করবেন, সৃষ্টিকর্তা আপনাকে অবশ্যই সাহায্য করবেন। নিজের ওপর আর ওপরওয়ালার ওপর বিশ্বাস রাখুন, জীবনের সবচেয়ে সুন্দর বাড়িটি আপনি ঠিকই পাবেন।’
অনুষ্ঠানে নিজের জনপ্রিয় সিনেমার সংলাপ বলেও দর্শকদের আনন্দ দেন শাহরুখ। ‘রইস’ ও ‘ওম শান্তি ওম’ সিনেমার পরিচিত সংলাপ শোনান তিনি। পরে নিজের আসন্ন সিনেমা ‘কিং’-এর ‘তু মিল যায়ে’ গানের তালে নাচেন অভিনেতা। সিনেমাটির মাধ্যমে দীর্ঘ তিন বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটির। এতে তার সঙ্গে অভিনয় করেছেন মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চনসহ অনেকে।

ডেস্ক রিপোর্ট 






















