বরগুনা প্রতিনিধি: ‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ, সবার আগে বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল। পরে তাঁর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আইডিইবি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে আইডিইবি কার্যালয়ের হলরুমে বরগুনা জেলা কমিটির সভাপতি ও সাবেক উপসহকারী প্রকৌশলী নিজাম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইডিইবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মো. বাচ্চু মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সদস্য প্রকৌশলী সৈয়দ রাসেদুল হাসান রেজা।
আলোচনা সভায় আইডিইবির বরগুনা জেলা কমিটির নেতারাও বক্তব্য দেন। সভা সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. রেজাউল করিম।
কর্মসূচিতে বরগুনা জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে কর্মরত প্রকৌশলী, আইডিইবির সদস্য এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন। আইডিইবির বরগুনা জেলা কমিটি এ কর্মসূচির আয়োজন করে।
প্রধান অতিথি বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন, শিল্পায়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং উন্নত বাংলাদেশ বিনির্মাণে ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত দক্ষতা, মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। একই সঙ্গে প্রকৌশল শিক্ষার মানোন্নয়ন ও ডিপ্লোমা প্রকৌশলীদের যথাযথ মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

ডেস্ক রিপোর্ট 






















