খাগড়াছড়ি প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় কৃষকদের জন্য শর্তহীন অনুদানভিত্তিক অর্থায়ন, জুম কৃষির রাষ্ট্রীয় স্বীকৃতি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের দাবিতে খাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশ ও কৃষিপণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় খাগড়াছড়ির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে ‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার’ প্রচারাভিযান সপ্তাহের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। ‘কৃষি উৎপাদনে নারীর সংগ্রাম: জলবায়ু ন্যায়বিচারের দাবিতে নারী চাষীদের সমাবেশ’ শীর্ষক আয়োজনে নারী চাষী ও স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত ঐতিহ্যবাহী জুমের বীজ, স্থানীয় খাদ্যসামগ্রী ও কৃষিপণ্য প্রদর্শন করেন।

জাবারাং কল্যাণ সমিতি, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (এফইডি)-খাগড়াছড়ি, ক্লিন (CLEAN), প্রান (PRAAN), বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (KHANI) এবং বিডব্লিউজিইডি (BWGED) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের খাগড়াছড়ি সভাপতি অরুন কান্তি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রারম্ভিক বক্তব্য দেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা। মূল ধারণাপত্র উপস্থাপন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইখিন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাবারাং কল্যাণ সমিতির ক্যাম্পেইন কো-অর্ডিনেটর বিদ্যুৎ জ্যোতি চাকমা।
সমাবেশে বক্তারা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের অবদান নগণ্য হলেও এর ভয়াবহ প্রভাব বহন করতে হচ্ছে দেশের কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীকে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে আকস্মিক বন্যা, পাহাড়ি ঢল ও ভূমিধসে ঢালু জমি এবং ঐতিহ্যবাহী জুমক্ষেত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে পাহাড়ের কৃষকদের জীবিকা ও খাদ্যনিরাপত্তা হুমকির মুখে পড়ছে।
জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা বলেন, জুম চাষকে প্রচলিত কৃষির কাঠামোর বাইরে না রেখে রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিতে হবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত জুমিয়া কৃষকদের জরুরি পুনর্বাসনের পাশাপাশি বিনামূল্যে মানসম্মত বীজ ও কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করতে হবে।
সভাপতির বক্তব্যে অরুন কান্তি চাকমা বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় কৃষির রূপান্তর হতে হবে অধিকারভিত্তিক ও কৃষকনেতৃত্বাধীন। এ ক্ষেত্রে ঋণনির্ভর অর্থায়নের পরিবর্তে অনুদানভিত্তিক সহায়তা নিশ্চিত করতে হবে। কার্বন বাজারের মুনাফার নামে পাহাড়ি ও সমতলের কৃষকদের জমি, পানি ও বনের প্রথাগত অধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টা প্রতিহত করতে হবে।
মূল ধারণাপত্রে ইখিন চৌধুরী বলেন, বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের অবদান প্রায় ১১ শতাংশ এবং দেশের ৪৫ শতাংশ মানুষের জীবিকা এ খাতের ওপর নির্ভরশীল। অথচ জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষি উৎপাদন ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। তিনি সৌরসেচ, সৌরচালিত হিমাগার, জলবায়ুসহিষ্ণু স্থানীয় বীজ সংরক্ষণ এবং পরিবেশবান্ধব কৃষিপদ্ধতিতে সরকারি ভর্তুকি ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে ক্ষুদ্র ও নারী কৃষক এবং আদিবাসী জনগোষ্ঠীর অংশগ্রহণ ও মালিকানা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এরিয়া ম্যানেজার মো. নুরুল আলাল, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, কাপতলা পাড়ার কৃষক প্রভাংশু ত্রিপুরা এবং কুমারধন পাড়ার নারী কার্বারি মেদিনি বালা ত্রিপুরাসহ স্থানীয় নারী চাষী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সমাবেশ থেকে তিনটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—জলবায়ু অর্থায়ন শর্তহীন ও অনুদানভিত্তিক করতে হবে; ক্ষয়ক্ষতি ও বিনষ্ট তহবিল (FRLD) এবং অভিযোজন তহবিলে পার্বত্য অঞ্চলের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের জন্য পৃথক বরাদ্দ রাখতে হবে এবং ক্ষতিগ্রস্ত নারী ও প্রান্তিক কৃষকদের সরাসরি সহায়তা নিশ্চিত করতে হবে; পাশাপাশি জুম কৃষিকে আইনি ও নীতিগত স্বীকৃতি দিয়ে জুমিয়া কৃষকদের পুনর্বাসন, বিনামূল্যে বীজ ও কৃষি উপকরণ সরবরাহ এবং তাঁদের প্রথাগত অধিকার সুরক্ষিত করতে হবে।
বক্তারা বলেন, পাহাড়ের খাদ্য উৎপাদন, বীজের বৈচিত্র্য ও জীববৈচিত্র্য সংরক্ষণে নারী চাষী এবং ক্ষুদ্র জুমচাষীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁদের অধিকার, অংশগ্রহণ ও রাষ্ট্রীয় সুরক্ষা নিশ্চিত করা জরুরি।

ডেস্ক রিপোর্ট 






















