বরগুনা প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার রামনা, কাকচিড়া ও বামনা শহরকে বিষখালী নদীর ভাঙন থেকে রক্ষায় ১ হাজার ৩১১ কোটি ৩৩ লাখ টাকার প্রকল্প এগিয়ে নেওয়া হচ্ছে। নদীভাঙন রোধে বিষখালী নদী শাসনের বিকল্প নেই বলে জানিয়েছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। তাঁর চাহিদা ও উপকূলীয় এলাকার বাস্তবতা বিবেচনায় প্রকল্পটি অগ্রসর হচ্ছে।
চীফ হুইপ মো: নুরুল ইসলাম মনি ১৫ নভেম্বর সংসদ ভবনে বরিশাল বিভাগের এলজিইডির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট করে বলেন, উপকূলের জন্য প্রকল্প করতে হবে উপকূলকে বুঝে। শুধু টাকা খরচ করলেই হবে না, কাজের মান ঠিক রাখতে হবে, অপচয় বন্ধ করতে হবে।
তিনি বামনা,বেতাগী, পাথরঘাটার নদীভাঙন, জলাবদ্ধতা আর দুর্যোগের কথা বিশেষভাবে তুলে ধরেন।
বরগুনা জেলার বামনা উপজেলার রামনা, কাকচিড়া ও বামনা শহর রক্ষার জন্য বিষখালী নদী শাসনের বিকল্প নেই। উপকূলীয় এলাকার ভৌগোলিক বৈশিষ্ট্য, নদীভাঙন ও স্থানীয় মানুষের প্রয়োজন বিবেচনায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে হবে।
এদিকে বামনা শহরকে বিষখালী নদীর ভাঙন থেকে রক্ষা, রামনা ও কালিকাবাড়ি লঞ্চঘাটের প্রতিরক্ষা এবং দুটি পোল্ডারের অভ্যন্তরে টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রকল্পটির পুনর্গঠিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পানি সম্পদ মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবোর প্রধান প্রকৌশলীর (পুর) পরিকল্পনা বিভাগ থেকে গত ১৬ নভেম্বর পাঠানো চিঠিতে জানানো হয়, প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩১১ কোটি ৩৩ লাখ টাকা। বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ডিসেম্বর ২০২৬ থেকে মার্চ ২০৩১ পর্যন্ত। পাউবোর চিঠি অনুযায়ী, গত ৩০ আগস্ট পানি সম্পদ মন্ত্রণালয়ের যাচাই কমিটির সভার সিদ্ধান্তের আলোকে প্রকল্পটির ডিপিপি পুনর্গঠন করা হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















