শান্তি প্রতিষ্ঠা ও সমাজে সম্প্রীতি রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ ইউনেস্কো অ্যাওয়ার্ড-২০২৬ পেয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
শুক্রবার (২৮ নভেম্বর) নগরীর জামালখান এলাকার সিনিয়র্স ক্লাবে ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম ডিভিশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
ইউনেস্কোর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষা, সাংবাদিকতা, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও সামাজিক কর্মকাণ্ডসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য চট্টগ্রামের ১১ বিশিষ্ট ব্যক্তিকে ইউনেস্কো অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হয়।
সম্মাননা গ্রহণের পর ডা. শাহাদাত হোসেন বলেন, একটি শান্তিপূর্ণ, মানবিক ও নিরাপদ নগরী গড়ে তুলতে নাগরিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা, সম্প্রীতি ও দায়িত্বশীলতার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে। শান্তি শুধু সংঘাত ও সহিংসতামুক্ত পরিবেশ নয়; মানুষের নিরাপত্তা, অধিকার, মর্যাদা এবং নির্বিঘ্নে বসবাসের নিশ্চয়তা নিশ্চিত করাও শান্তি প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ অংশ। এ লক্ষ্য সামনে রেখে চট্টগ্রামকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন কাজ করছে।
তিনি বলেন, নগরীতে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা যথেষ্ট নয়। প্রয়োজন সামাজিক সচেতনতা, নাগরিকদের পারস্পরিক সহযোগিতা এবং সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ। শিশু, নারী, প্রবীণ ও প্রান্তিক জনগোষ্ঠীসহ প্রত্যেক নাগরিকের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে।
ইউনেস্কোর ভূমিকা তুলে ধরে চসিক প্রশাসক বলেন, শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও জ্ঞানচর্চার মাধ্যমে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যুদ্ধ, বিদ্বেষ ও বিভাজনের পরিবর্তে শিক্ষা, সংস্কৃতি, পারস্পরিক শ্রদ্ধা ও সংলাপের মাধ্যমে শান্তির পরিবেশ তৈরি করতে হবে। নতুন প্রজন্মের মধ্যে মানবিকতা, অসাম্প্রদায়িক চেতনা ও সহনশীলতার মূল্যবোধ ছড়িয়ে দিতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হতে হবে।
অনুষ্ঠানে শিক্ষায় অবদানের জন্য ইঞ্জিনিয়ার আলী আহমদ, ইউনেস্কোর আদর্শ বাস্তবায়নে মাহবুব উদ্দীন চৌধুরী, সাংবাদিকতা ও শিশু সাহিত্যে রাশেদ রউফ, সামাজিক কর্মকাণ্ডে কামাল মোস্তফা চৌধুরী ও অঞ্জন শেখর দাশ, সাংস্কৃতিক কর্মকাণ্ডে রফিকুল হাসান মিনু, মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা নীল রতন দাশগুপ্ত, ইউনেস্কোর কর্মকাণ্ডে এইচ এম শামসুল মুকতাদির এবং সামাজিক কর্মকাণ্ডে ডা. বিশ্বনাথ দাশ ও আজিজুর রহমানকে সম্মাননা দেওয়া হয়।
ক্লাবের সভাপতি কামাল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের মহাসচিব মাহবুব উদ্দীন চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক এ এইচ এম শামসুল মুকতাদির, ইঞ্জিনিয়ার আলী আহমদ এবং বাংলা একাডেমি ফেলো ও শিশু সাহিত্যিক রাশেদ রউফ।
বক্তারা বলেন, বিশ্বব্যাপী যুদ্ধ, সংঘাত ও বিভাজনের বিপরীতে শান্তি, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার চর্চা জোরদার করা প্রয়োজন। শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞানভিত্তিক কার্যক্রমের মাধ্যমে ইউনেস্কোর আদর্শ বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।

ডেস্ক রিপোর্ট 






















