এশিয়া কাপে ব্যর্থতার পর টি-টোয়েন্টি থেকে, আর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে হতাশার পর ওয়ানডে থেকে অবসর নেন মুশফিকুর রহিম। তিন বছরের ব্যবধানে সাদা বলের আন্তর্জাতিক ফরম্যাটকে বিদায় বলেন। ২০ ও ৫০ ওভারের ক্রিকেট থেকে হুট করেই অবসরের ঘোষণা দিলেও বাংলাদেশের তারকা ক্রিকেটার পরিকল্পনা করে টেস্ট থেকে বিদায় নিচ্ছেন।
সাবেক সতীর্থ ও বিসিবির বর্তমান প্রধান তামিম ইকবাল শনিবার বলেছেন, ‘মুশফিকুর রহিম ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পর অবসর নেবে। কয়েক দিন আগে মুশফিক আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এরপর নিয়মিত তার সঙ্গে যোগাযোগ হয়েছে।’
২০২২ সালে টি-টোয়েন্টি ও ২০২৫ সালে ওয়ানডে থেকে বিদায় নেন ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে। প্রায় ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের টানছেন টেস্ট দিয়ে, যার শুরুটা হয়েছিল লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে। সেই ইংল্যান্ডের বিপক্ষে ১৪ ফেব্রুয়ারি মিরপুর টেস্ট দিয়ে ক্যারিয়ারের ইতি টানবেন।
২০০৫ সালের ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। সেটিই ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ম্যাচ। ৭৯৩৪ দিন পর সেই দলটির বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের সমাপ্তি ঘটাতে চলেছেন মুশফিক।
বাংলাদেশের ক্রিকেটে অসংখ্য রেকর্ডের মালিক মুশফিক। ২০১৩ সালে শ্রীলঙ্কার গলেতে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেন তিনি। তারপর আরও দুইবার। ২০১৮ ও ২০২০ সালে মিরপুরের বিপক্ষে জিম্বাবুয়ের বিপক্ষে। আর কোনো বাংলাদেশি ব্যাটারের একাধিক ডাবল সেঞ্চুরি নেই। অবশ্য তাওহীদ হৃদয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার করা অপরাজিত ২১৯ রান ছাপিয়ে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক হয়েছেন। সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪২ রান করেন তিনি।
ওই একই টেস্টে মুশফিক প্রথম বাংলাদেশি হিসেবে সাত হাজার রানের মাইলফলক ছোঁন। বলা বাহুল্য, তিনিই দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। গত বছর ১৯ নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে নিজের শততম টেস্ট খেলে ইতিহাস গড়েন। ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি তার। ওই ম্যাচে ১৪তম সেঞ্চুরি করে বাংলাদেশের সবচেয়ে বেশি শতকের মালিকও মুশফিক।এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ১০৮ টেস্ট খেলে ১৯৯ ইনিংসে ব্যাট করে তার সংগ্রহ ৭ হাজার ৬২ রান।
ইংল্যান্ডের বিপক্ষে মুশফিক ৭ ম্যাচে ১৪ ইনিংস খেলে ৩৬৯ রান করেছেন। গড় ২৬.৩৫। কোনো সেঞ্চুরি না থাকলেও হাফ সেঞ্চুরি দুটি। সর্বোচ্চ ৯৫ রান করেছেন ২০১০ সালে চট্টগ্রামে। নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচ, ভেন্যু মিরপুর। সমর্থকদের সামনে নিজের শেষটা রাঙাতে হয়তো কোমর বেঁধে নামবেন মুশফিক। ৩৯ বছর বয়সী কিংবদন্তি সফল হবেন কি না তা সময় বলে দেবে। তবে তার অবসরের সিদ্ধান্তে নিজের খারাপ লাগার কথাও জানিয়েছেন তামিম, ‘তার মানের একজন ক্রিকেটার খেলা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, এটা ভেবে আমার খারাপ লাগছে। তবে এই টেস্ট ম্যাচটিকে আমরা একটি স্মরণীয় আয়োজন হিসেবে দেখতে চাই।’

ডেস্ক রিপোর্ট 






















