দুই বছরে বিদ্যুৎ জ্বালানির কোনো প্রকল্প বাস্তবায়ন করা যায় না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিদ্যুৎ ভবনে জ্বালানি বিভাগের পাঁচটি অ্যাপ উদ্বোধন ও বিদ্যুৎ, জ্বালানি সংক্রান্ত মাস্টার প্লান নিয়ে পর্যালোচনা শীর্ষক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।
জ্বালানি উপদেষ্টা বলেন, ‘দুবছরে বিদ্যুৎ জ্বালানির কোনো প্রকল্প বাস্তবায়ন করা যায় না। এই খাতে বিনিয়োগ দরকার ছিল যেটা আমরা পাইনি সরকারের স্বল্প মেয়াদের কারণে। সৌদি আরবের রাজপরিবারের একজন সদস্য বিনিয়োগ সংক্রান্ত আলোচনায় আমাদের সরকারের মেয়াদ জানতে চাইল। সরকারের মেয়াদটা আরেকটু দীর্ঘ হলে বিনিয়োগটা আসতো। আরেকটা এফএসআরইউ দরকার ছিল। কিন্তু সরকার স্বল্প মেয়াদি হওয়ার কারণে সেটা হয়নি।’
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দুর্নীতিতে যুক্ত কারও শাস্তি হয়েছিল কিনা এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, ‘আমরা বিভিন্ন অনিয়ম চিহ্নিত করে দিয়েছি। এখন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া দুর্নীতি দমন কমিশনের কাজ। আমরা একটা জাতীয় কমিটি এবং একটা ট্যারিফ কমিটি করে বেশ কিছু সুপারিশ প্রস্তুত করেছি। পরবর্তী যে সরকার আসবে তারা এগুলো দেখবে।’

বিগত সরকারের সময় দেওয়া বিদ্যুৎ প্রকল্পে প্রসঙ্গে তিনি বলেন, ‘এসব প্রকল্পের কোনোটারই ক্যাবিনেট কমিটির অনুমোদন নেওয়া হয়নি। অর্থ বিভাগ বলছে- এসব প্রকল্পের কোনো অনুমোদনই দেওয়া হয়নি।’
বিদেশি কোম্পানিগুলোর বকেয়া আগে পরিশোধ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক বিদেশি কোম্পানি বকেয়া না দিলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল। এসব কারণে তাদের বকেয়া আগে দিতে হয়েছে।’
আদানির বিদ্যুৎ প্রসঙ্গে জ্বালানি উপদেষ্টা বলেন, ‘আদানির বিদ্যুৎ বন্ধ করে দিয়ে সরকার তার নিজের ইচ্ছার বাস্তবায়ন করছে এমন কিছু আমরা দেখাতে চাইনি। সেজন্য আমরা একটি পর্যালোচনা কমিটি করেছি। আন্তর্জাতিক চুক্তি ইচ্ছা মতো বাতিল করা যায় না।’
রোজার প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি দাবি করছি না যে সামনে একদম লোডশেডিং হবে না। তবে আগামীতে যে সরকারই আসুক না কেন, একদম বিব্রতকর পরিস্থিতিতে পড়বে না বলে আমি দাবি করছি। এলপি গ্যাসের সমস্যাটি বুঝতে সরকারের কিছুটা সময় লেগে গেছে। এখন যেভাবে আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে তাতে কোনো সংকট হবে না বলে মনে করি।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব ফারজানা মমতাজ, জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ, পিডিবির চেয়ারম্যান রেজাউল করিম প্রমুখ।

ডেস্ক রিপোর্ট 






















