চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর চেকপোষ্ট থেকে দুইটি স্বর্নেরবারসহ একজনকে আটক করেছে বিজিবি।
আটককৃত ব্যক্তি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বড় বড়াই কাউরাইদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃ সানি মাই (২৭)।
বৃহস্পতিবার রাত পৌনে একটার দিকে এক প্রেসবিজ্ঞপ্তিতে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ মহানন্দা বিজিবি’র জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ২৩১.৮১ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বার নিয়ে সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারত যাচ্ছিল সানি মাই। এসময় ৫৯ বিজিবি’র অধীনস্থ সোনামসজিদ আইসিপিতে কর্মরত বিজিবি সদস্যরা নিয়মিত চেকিং কার্যক্রম পরিচালনাকালে বাংলাদেশী নাগরিক সানি মাই এর নিকট থেকে স্বর্নের বার দুইটি উদ্ধার করে।

বিজিবি জানায়, আটককৃত ব্যক্তির নিকট ধাতব দ্রব্য থাকার বিষয়টি বিজিবি’র আর্চওয়ে মেটাল ডিটেকটর চেকিং-এ ধরা পড়ায় তাকে আটক করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় এবং থানা পুলিশের উপস্থিতিতে এক্স-রে করা হয়। এতে তার পায়ুপথ হতে বাংলাদেশী খাঁটি স্বর্ণ খোঁচিত ০২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের বার ০২টির বাজার মূল্য প্রায় ৫৪ লক্ষ টাকা বলে জানিয়েছে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জ ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, জানান রাজস্ব ফাঁকি দিয়ে স্বর্ণেরবার দুটি ভারতে পাচার করা হচ্ছিল। চোরাকারবারীরা অভিনব কৌশল অবলম্বন করলেও বিজিবি’র তল্লাশি এড়াতে বিফল হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

ডেস্ক রিপোর্ট 






















