আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচের জন্য আগেই ভিয়েতনামে পৌঁছেছে বাংলাদেশ দল। আজ দলের সঙ্গে যোগ দিয়েছে হামজা চৌধুরী। বিকেলে দলের সঙ্গে অনুশীলন না করলেও অনুশীলন গ্রাউন্ডে দলের বাকি সদস্যদের সঙ্গে দেখা করেছেন হামজা।
গত রোববার ভিয়েতনাম আসার কথা ছিল হামজার। তবে তার ক্লাব লেস্টারের খেলা থাকায় আসতে পারেননি। গতকাল ইংল্যান্ড থেকে তার্কিশ এয়ারলাইনসে রওনা হয়ে আজ ভিয়েতনাম সময় বিকেল চারটায় পৌঁছেছেন।
জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান হামজাকে এয়ারপোর্ট থেকে আনতে যান। ইমিগ্রেশন ও বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে আধ ঘন্টার বেশি সময় লাগে। লম্বা ভ্রমণ নিয়ে হামজা বলেন, ‘জার্নি ভালো ছিল। ১৫ ঘণ্টা লেগেছে, ইস্তাম্বুলে বিরতি ছিল শুধু, খুব একটা কষ্ট হয়নি।’

হামজা হংকং ও ভারতের বিপক্ষে ম্যাচের আগে ঢাকায় যখন এসেছিলেন তখন ইংল্যান্ড থেকে সকালে এসে বিকেলে অনুশীলন করেছেন। আজ ভিয়েতনামে তিনি পা রাখার আগেই অনুশীলন শুরু করে বাংলাদেশ। তাই তিনি আর অনুশীলনে যোগ দেননি।
২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচ। ঐ ম্যাচ খেলে পরের দিন সিঙ্গাপুর রওনা হবেন হামজারা। ৩১ মার্চ সিঙ্গাপুর ম্যাচ খেলে জামালরা ঢাকায় আসবেন আর হামজা ইংল্যান্ড ফিরে যাবেন।

ডেস্ক রিপোর্ট 






















