চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের জেলায় হামের প্রাদুর্ভাব নির্মূলে হাসপাতালে হাম প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকালে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে এই টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন, জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান প্রমূখ।

জেলা সিভিল সার্জন সূত্রে জানা গেছে, জেলার হাম সংক্রমনের হটস্পট শিবগঞ্জ, ভোলাহাট ও সদর উপজেলায় এই টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। এই কার্যক্রমের আওতায় ১ লাখ ৬৭ হাজার ২৮৭ জন শিশুকে টিকা দেওয়া হবে। ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগ থেকে ১ লাখ ৬৫ হাজার টিকার বরাদ্দ পাওয়া গেছে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সের শিশুদের এই টিকা দেয়া হচ্ছে। আগামী ২৩ এপ্রিল পর্যন্ত জেলার ৩টি উপজেলার ১১ ইউনিয়নের টিকাদান কেন্দ্রগুলোতে এ কর্মসুচী চলবে।
জানুয়ারী মাস থেকে আজ রোববার পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে হাম রোগীর সংখ্যা হচ্ছে ৩৯২ জন। আর এখন পর্যন্ত ১০১ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জন শিশুর শরীরে হাম ভাইরাস শনাক্ত হয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















