ফেনী প্রতিনিধি: ফেনীতে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনুর রশিদের পরিবারকে বাড়ি উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার (১২ এপ্রিল) দুপুরে ফেনী সদর উপজেলার ফরহাদনগরের জগৎ জীবনপুর এলাকায় বাড়িটির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
উল্লেখ্য, ২০১৩ সালের ৪ ডিসেম্বর হরতালের একটি মিছিলে পুলিশের গুলিতে নিহত হন হারুনুর রশিদ। দীর্ঘদিন পর তার পরিবারের পাশে দাঁড়িয়ে এই বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং তারেক রহমান-এর উদ্যোগে আমরা বিএনপি পরিবার-এর আয়োজনে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা আবুল কাশেম।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন, ফেনী জেলা যুবদলের সদস্য সচিব নাঈম উল্লাহ বরাত, ফরহাদ নগর ইউনিয়ন ইউনিয়ন পরিষদের সাবেক বেলায়েত হোসেন বাচ্চু সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, নিহত হারুনুর রশিদের পরিবারের পাশে দাঁড়াতে এবং তাদের স্থায়ী আবাসনের ব্যবস্থা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের মতে, এটি দলীয় সহমর্মিতা ও মানবিক উদ্যোগের একটি দৃষ্টান্ত।

ডেস্ক রিপোর্ট 






















