মাদারীপুর প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার মেলকাই নামকস্থানে সাকুরা পরিবহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অজ্ঞাতনামা একজন যাত্রী নিহত হয়েছে। এবং এসময় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন যাত্রী। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। এদিকে গাড়িচালক ও হেলপারের ব্যর্থতার কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি বাস মেলকাই নামকস্থানে পৌঁছালে হঠাৎ গাড়ির ভীতরে থাকা একটি অকটেনের কন্টেইনার থেকে আগুন ধরে যায়। এ সময় দ্রুত পরিস্থিতি বুঝতে পেরে চালক বাসটি মহাসড়কের পাশে থামান। সঙ্গে সঙ্গে যাত্রীরা বাস থেকে নেমে নিরাপদ আশ্রয় নিতে সক্ষম হলেও একজন মারা যান।
খবর পেয়ে কালকিনি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শী মাসুম ও সজিব কান্না জড়িত কণ্ঠে বলেন, গাড়িতে থাকা একটি অক্টেনের কন্টেইনার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে। তবে ড্রাইভার ও হেলপারের ব্যর্থতার কারণে এ অগ্নি কাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা তাদের বিচার দাবি করি।
কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খোকন জমাদার বলেন, অজ্ঞাতনামা একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনা অত্যন্ত দুঃখজনক।
এ ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, পরিবহনে কিভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ডেস্ক রিপোর্ট 






















