মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে সৈয়দ আবুল হোসেন একাডেমি-এর উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং স্কুল মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মুন্সি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির সাবেক প্রধান শিক্ষক বি.এম. হেমায়েত হোসেন, কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা আ. মালেক হাওলাদার, ডি কে কলেজের প্রফেসর জহিরুল আলম ডালিম, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সিকদার মামুন, উপজেলা যুবদল নেতা শামীম মোল্লা ও আল-আমিন মোল্লা।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই দেশের ভবিষ্যৎ। মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন, জীবনে সফল হতে হলে সততা, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের বিকল্প নেই। পাশাপাশি ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইউনুছ আলী। তিনি শিক্ষার্থীদের পরীক্ষা উপলক্ষে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন একাডেমির সিনিয়র ধর্মীয় শিক্ষক আবুল বাসার, বিএসসি শিক্ষক জামাল হোসেন, সিনিয়র শিক্ষক জাহিদুর রহমানসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন।

ডেস্ক রিপোর্ট 






















