মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় প্রশাসন, সামাজিক সংগঠন ও গ্রাম পুলিশের অংশগ্রহণে এ কার্যক্রমে ব্যাপক সাড়া পাওয়া গেছে।
শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান শুরু হয়। এতে সহযোগিতা করে রাইট টক বাংলাদেশ (মানিকগঞ্জ জেলা শাখা), আল-ইনসাফ মানবিক ফাউন্ডেশন এবং গ্রাম পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেনের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয় এবং জমে থাকা পানিতে মশার লার্ভা ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১৪ মার্চ থেকে সারা দেশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ কর্মসূচি চলমান রয়েছে। এর অংশ হিসেবে দৌলতপুরেও নিয়মিতভাবে মশা নিধন ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।
অভিযান চলাকালে ইউএনও নাহিয়ান নুরেন বলেন, “ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রত্যেকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখলে মশার প্রজনন অনেকটাই কমে আসবে।”
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

ডেস্ক রিপোর্ট 






















