পটুয়াখালী প্রতিনিধি: হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র তিথি বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি উপলণক্ষে অক্ষয় তৃতীয়াকে ঘিরে পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে নেমেছিল হাজারো সনাতন ধর্মাবলম্বীর ঢল। অক্ষয় পুণ্যলাভের আশায় সোমবার (২০ এপ্রিল) ভোর থেকেই ভক্তরা সমবেত হন পবিত্র গঙ্গাস্নানে অংশ নিতে।
আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের উদ্যোগে দিনব্যাপী ধর্মীয় কর্মসূচির অংশ হিসেবে ভোর ৫টা থেকে শুরু হয় আহ্বানী, সমবেত প্রার্থনা, মঙ্গলঘট স্থাপন, শ্রী শ্রী বিষ্ণু পূজা এবং গঙ্গা মায়ের পূজা। এসব আচার-অনুষ্ঠান শেষে সকাল ১০টার দিকে অনুষ্ঠিত হয় সমুদ্রস্নান, যা গঙ্গাস্নানের প্রতীকী রূপ হিসেবে পালিত হয়।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, অক্ষয় তৃতীয়া অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ একটি তিথি। ধর্মীয় কাহিনী অনুসারে, এই দিনেই ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের আবির্ভাব ঘটে। একই সঙ্গে বেদব্যাস ও গণেশের মহাভারত রচনার সূচনা, গঙ্গা দেবীর মর্ত্যে আগমন এবং সত্যযুগের অবসান ঘটিয়ে ত্রেতাযুগের সূচনার মতো ঘটনাও এই তিথির সঙ্গে জড়িত।
কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক প্রকৌশলী নিহার রঞ্জনের সভাপতিত্বে সেবাশ্রমে আয়োজিত ধর্মীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী জয়দেব ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী হরপ্রিয়া দেবী এবং পরমপূজ্যপাদ ঋত্বিক মহারাজ ডা. রাধাস্বামী।
এছাড়াও ধর্মীয় সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পরিতোষ রায়, ঝালকাঠির নলছিটি উপজেলার সাবেক চেয়ারম্যান ছিদ্দিকুর রহমানসহ বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্তবৃন্দ। ভাগবত আলোচনা করেন ভক্ত গৌর গোবিন্দ দাস, ভক্ত শ্যামল সুন্দর দাস ও ভক্ত গোবিন্দ দেবনাথ। সঞ্চালনা করেন রতন জ্যোতি দাস ব্রহ্মচারী।
অক্ষয় তৃতীয়াকে ঘিরে প্রতিবছরের মতো এবারও দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে কুয়াকাটা সৈকত। স্নান শেষে অনেককে পরিবার নিয়ে গীতা পাঠ, প্রার্থনা ও বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানে মগ্ন থাকতে দেখা যায়।
পিরোজপুর থেকে আগত গৌর গোবিন্দ দাস ব্রহ্মচারী বলেন, ‘এই দিনে গঙ্গাস্নান করলে অক্ষয় পুণ্য লাভ হয়। বিশ্বাস করা হয়, এই তিথিতে স্বয়ং নারায়ণের উপস্থিতি থাকে গঙ্গায়, যা মানুষের জীবনের দুঃখ-কষ্ট দূর করে সুখ-সমৃদ্ধি বয়ে আনে।’
কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন জানান, প্রতিবছরের ন্যায় এবারও যথাযথ মর্যাদায় অক্ষয় তৃতীয়ার অনুষ্ঠান পালিত হয়েছে। ভক্তদের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা।

ডেস্ক রিপোর্ট 






















