বামনা (বরগুনা) প্রতিনিধি: সারা দেশের ন্যায় বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলায় শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল দশটায় উপজেলার ৩টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়।
সরেজমিনে, উপজেলার হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের ব্যাপক উপস্থিতি। বোর্ডের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের তল্লাসী চালিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে। সুষ্ঠ ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
উপজেলার প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কেন্দ্রগুলোতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে আসা রাকিব হাসান বলেন, হলের পরিবেশ অনেক সুন্দর ছিলো। প্রথম দিনের পরীক্ষা তাই একটু ভীতি কাজ করছিলো। ইনশাআল্লাহ সামনের পরীক্ষাগুলোতে সব ঠিক হয়ে যাবে।
হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব মো. কামাল হোসেন তালুকদার বলেন, শিক্ষার্থীরা যাতে সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে তার সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. নিকহাত আরা সকাল ১০ টায় হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, চলমান এসএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে গ্রহণের লক্ষ্যে কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন সহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















