নীলফামারী প্রতিনিধি: আকাশপথে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার ঘোষণা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) বেলা ১২ টায় সৈয়দপুর প্রেসক্লাবের সামনে এই আয়োজন করা হয়।
সচেতন জনতা সৈয়দপুরের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, সৈয়দপুর মহিলা কলেজের প্রভাষক শিউলি আক্তার, সাংবাদিক সাহাবাজ উদ্দিন সবুজ, স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে সৈয়দপুরের উপদেষ্টা লিপটন, যুব নেতা তারিকুল ইসলাম, রেলওয়ে শ্রমিক ইউনিয়ন সৈয়দপুর কারখানা শাখার সভাপতি আখতারুল ইসলাম, ব্যবসায়ী সমসের উদ্দিন, দুলাল হোসেন ও আকরাম সিদ্দিকী, জমি মালিক আল আমিন ও আব্দুল্লাহ আল মামুন, যুব আন্দোলনের সভাপতি সাব্বির হোসেন, সচেতন যুব সমাজের সদস্য সচিব পিয়ারুল ইসলাম।

সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী। যুব নেতা সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব নেতা রবিউল ইসলাম রবি, জিয়া সাইবার ফোর্স সৈয়দপুর রাজনৈতিক শাখার আহ্বায়ক ফিরোজ আলম, পারভেজ আলম প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী একজন তরুণ ও ডাইনামিক নেতা। আমরা আশা করি সৈয়দপুরের গুরুত্ব বিবেচনা করে তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী সৈয়দপুর বিমানবন্দরকে প্রাধান্য দিয়ে দ্রুত আন্তর্জাতিক করার ব্যবস্থা নিবেন। এক্ষেত্রে কোন তৃতীয় শক্তির ষড়যন্ত্র বরদাস্ত করা হবেনা। দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রাণের দাবি আদায় করে ছাড়বো।
আমরা ঠাকুরগাঁও বা বগুড়ায় বিমানবন্দর হওয়ার বিপক্ষে নই। তবে সার্বিক দিক দিয়ে এগিয়ে থাকা সৈয়দপুরকে আগে আন্তর্জাতিক মানে উন্নীত করার পর অন্যগুলো করা উচিত এবং সৈয়দপুরবাসী সেই দাবি রাখছে। এর ব্যত্যয় হলো প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলন করা হবে। সেই সাথে সৈয়দপুরের সর্বস্তরের মানুষকে নিয়ে প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করা হবে।

ডেস্ক রিপোর্ট 






















