পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী জেলার অন্তত ২২টি গ্রামে আজ বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরের মতো এবারও এসব গ্রামের কয়েক হাজার পরিবার আগাম ঈদুল আজহা উদযাপন
করছেন। এতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ ও ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে।
বুধবার সকাল ৮টায় পটুয়াখালী সদর উপজেলার বদরপুর গ্রামের বদরপুর দরবার শরীফ প্রাঙ্গণের জামে মসজিদে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল থেকেই মুসল্লিরা মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। শিশু-কিশোরসহ নানা বয়সী অনুসারীরা নতুন পোশাক পরে ঈদের জামাতে অংশ নেন।

ঈদের জামাতে ইমামতি করেন মসজিদের প্রধান খতিব মাওলানা মোহাম্মদ শফিকুল গনি। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে ওই এলাকায় পশু কোরবানি করা হয়।
বদরপুর দরবার শরীফের পরিচালক মোহাম্মদ নাজমুস সায়াদাত আখন্দ জানান, প্রতিবছরের মতো এবারও বদরপুর গ্রামে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার বদরপুর ও ছোট বিঘাই ছাড়াও গলাচিপা উপজেলার সেনের হাওলা, পশুরীবুনিয়া, নিজ হাওলা ও কানকুনি পাড়া। বাউফল উপজেলার মদনপুরা, শাপলাখালী, বগা, ধাউরাভাঙ্গা, সুরদী, সাবুপুরা ও আমিরাবাদ এবং কলাপাড়া উপজেলার লালুয়া, নিশানবাড়িয়া, মরিচবুনিয়া, উত্তর লালুয়া, মাঝিবাড়ি, টিয়াখালীর ইটবাড়িয়া, পৌর শহরের নাইয়াপট্টি, বাদুরতলী ও মিঠাগঞ্জ ইউনিয়নের সাফাখালীসহ অন্তত ২২টি গ্রামের কয়েক হাজার পরিবার আগাম ঈদুল আজহা উদযাপন করছেন।
উল্লেখ্য, এসব এলাকার মুসল্লিরা পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর দরবার শরীফের পীর, চট্টগ্রামের সাতকানিয়ার পীর এবং চট্টগ্রামের পটিয়ার এলাহাবাদ পীরের অনুসারী। ১৯২৮ সাল থেকে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছেন।

ডেস্ক রিপোর্ট 






















