জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলা, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং টেকসই সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি স্থানীয় পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বৃক্ষ শুধু অক্সিজেনের উৎস নয়, বরং পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার অন্যতম কার্যকর হাতিয়ার। জলবায়ু পরিবর্তনের বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “শুধু গাছ লাগানোই যথেষ্ট নয়; এগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। প্রত্যেক নাগরিক বছরে অন্তত একটি গাছ রোপণ ও পরিচর্যা করলে দেশ আরও সবুজ, নিরাপদ ও সমৃদ্ধ হবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, “বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক পর্যায়ে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করা গেলে পরিবেশ সুরক্ষার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।”
তিনি জানান, পরিবেশবান্ধব ও টেকসই ঈশ্বরগঞ্জ গড়ে তুলতে উপজেলা প্রশাসন ধারাবাহিকভাবে বিভিন্ন সবুজায়ন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা, একেএম হারুন অর-রশীদ, শরীফ নূরুল আবেদীন শরীফ জায়েদীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় বক্তারা পরিবেশ সংরক্ষণ, কার্বন নিঃসরণ হ্রাস, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি রোপিত গাছের সঠিক পরিচর্যা ও সংরক্ষণের ওপরও বিশেষ গুরুত্বারোপ করা হয়।
“একটি গাছ, একটি ভবিষ্যৎ”—এই প্রত্যয়ে ঈশ্বরগঞ্জে শুরু হওয়া এ উদ্যোগ জলবায়ু সহনশীল ও সবুজ বাংলাদেশ গঠনের জাতীয় অভিযাত্রাকে আরও বেগবান করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

ডেস্ক রিপোর্ট 






















