মাদারীপুর প্রতিনিধি: বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের গুমের অন্ধকার পেরিয়ে স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তনের ১২তম দিবস উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম বেপারী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব নাজমুল ইসলাম।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী ও সাধারণ সম্পাদক এস. এম. মাহবুব হোসেন মুন্সী। এছাড়া উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, আনিসুর রহমান তালুকদার খোকন অতীতে দুই দফায় গুমের শিকার হন। প্রথমবার ২০১৪ সালে তিনি ৩ মাস ১৭ দিন এবং পরবর্তীতে ২০১৮ সালে ৩ দিন নিখোঁজ ছিলেন। তারা এ ঘটনাকে তৎকালীন রাজনৈতিক বাস্তবতার একটি বেদনাদায়ক অধ্যায় হিসেবে উল্লেখ করেন।

সভায় বক্তারা বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর নির্যাতন, গুম ও দমন-পীড়নের বিভিন্ন ঘটনার প্রসঙ্গ তুলে ধরে গণতন্ত্র, মানবাধিকার এবং রাজনৈতিক সহনশীলতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নুরে আলম সান্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল-আমীন মুন্সী, দুলাল বিশ্বাস, যুবদল নেতা শামীম মোল্লা, কাওসার হোসেন নান্না, তুহিন হাওলাদার, সজল মুন্সী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা আতিকুর রহমান সজলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ডেস্ক রিপোর্ট 






















