খাগড়াছড়ি প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আওতায় স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের মোট ৩ হাজার ৬০০টি চারা বিতরণ করা হয়।
রবিবার দীঘিনালা জোনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন। তিনি স্থানীয় বাসিন্দাদের হাতে গাছের চারা তুলে দেন এবং একটি চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, ভূমিক্ষয় রোধ, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সমৃদ্ধ করে না, বরং মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও প্রত্যক্ষভাবে সম্পৃক্ত। তাই গাছ লাগানোর পাশাপাশি প্রতিটি চারার যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় ব্যাপক সবুজায়ন কার্যক্রম সময়ের দাবি। সেনাবাহিনী ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩ নম্বর কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, ৫ নম্বর বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, দীঘিনালা বাজার চৌধুরী জেসমিন চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক পাহাড়ি ও বাঙালি বাসিন্দা।
চারা গ্রহণকারী স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, এ ধরনের কর্মসূচি পার্বত্য অঞ্চলে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
স্থানীয় সচেতন মহলের মতে, সেনাবাহিনীর এ বৃক্ষরোপণ কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার উদ্যোগই নয়, বরং স্থানীয় জনগণের মধ্যে প্রকৃতি ও পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি জোরদার এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও ইতিবাচক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্যাঞ্চলে নিরাপত্তা রক্ষার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় দীঘিনালায় এ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ডেস্ক রিপোর্ট 






















