প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার, প্রশাসন ও সাধারণ মানুষসহ সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন।
বুধবার (৮ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরের বায়েজিদ বাংলাবাজার ব্যাংক কলোনি এলাকায় ঝুঁকিপূর্ণ পাহাড় পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।
ভূমি প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষতি এড়াতে সচেতনতার কোনো বিকল্প নেই। ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে তিন পার্বত্য জেলার জন্য ১ হাজার ৩০০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন। চট্টগ্রাম সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে যারা আশ্রয় নেবেন, তাদের জন্য খাবারসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রধানমন্ত্রীর নির্দেশনায় নিশ্চিত করা হবে।

ডেস্ক রিপোর্ট 






















