মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার ১৫৮ নম্বর চর আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হোসেন রাজনের ওপর হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে কালকিনি উপজেলা পরিষদ চত্বরে উপজেলার সর্বস্তরের শিক্ষকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে শিক্ষক নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিনের কাছে স্মারকলিপি দেন।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস শিকদার, সহ-সভাপতি মো. গোলাম কিবরিয়া, অর্থ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সনজিৎ বাড়ৈ, শিক্ষক জসিমউদ্দীন, দপ্তর সম্পাদক ইউসুফ আলী, আইসিটি সম্পাদক বেলায়েত হোসেন এবং ক্রীড়া সম্পাদক সবুজ হোসেন।
বক্তারা বলেন, একজন শিক্ষকের ওপর নৃশংস হামলার পরও সব অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি। এতে শিক্ষক সমাজের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তারা দ্রুত জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
স্মারকলিপিতে শিক্ষকরা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের আওতায় এনে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফেরার পথে পূর্বশত্রুতার জেরে আলীনগর সস্তাল এলাকার মিলন মোল্লার নেতৃত্বে কয়েকজন ব্যক্তি শিক্ষক ইমাম হোসেন রাজনের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলায় লোহার রড দিয়ে তাকে মারধর করা হলে তার দুই পা ও একটি হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কালকিনি থানায় মিলন মোল্লা, লিপি বেগমসহ কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। মানববন্ধন থেকে মামলার সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

ডেস্ক রিপোর্ট 






















