জাহিদুল ইসলাম,দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক মো. জামাল হোসেনকে।
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বর্তমান রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ায় তার পরিবর্তে অধ্যাপক মো. জামাল হোসেনকে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।
আদেশে আরও উল্লেখ করা হয়, অতিরিক্ত দায়িত্ব পালনকালে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, বিধি ও ভাইস চ্যান্সেলরের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং এ দায়িত্ব পালনে বিধি অনুযায়ী প্রাপ্য সুবিধা ভোগ করবেন।
বিশ্ববিদ্যালয়ের স্বার্থে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের জন্য অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমানকে ধন্যবাদ জানানো হয়েছে।
অফিস আদেশটি ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে জারি করা হয় এবং তা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















