গাজীপুর প্রতিনিধিঃ কৃষিপণ্যকে দেশের প্রধান রপ্তানি খাতে পরিণত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে কৃষিপণ্য রপ্তানি আরও বাড়বে। বাংলাদেশকে কৃষিপণ্য রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তোলাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। মঙ্গলবার ২৮ জুলাই সকালে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
কৃষি মন্ত্রী বলেন, কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক কৃষিপণ্য রপ্তানির জন্য গবেষণা ও প্রযুক্তিনির্ভর কৃষির ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। গবেষণা প্রতিষ্ঠানগুলোর উদ্ভাবন দ্রুত মাঠপর্যায়ে পৌঁছে দিয়ে কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে সংশ্লিষ্টদের আরও কার্যকরভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই। পর্যাপ্ত মজুদ রয়েছে। তবে একটি মহল কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের তৎপরতা মোকাবিলায় সরকার সতর্ক রয়েছে এবং কৃষকদের কাছে নিরবচ্ছিন্ন সার সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসময় কৃষি-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন কৃষিমন্ত্রী। মতবিনিময় সভায় গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ইসলাম, কৃষিবিজ্ঞানী, শিক্ষক এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 






















