ফরিদপুরের ভাঙ্গায় দশমিনা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ২১ জন যাত্রী আহত হয়েছে।
এদের মধ্যে চারজনকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ঢাকা থেকে পটুয়াখালীর দশমিনাগামী দশমিনা এক্সপ্রেস নামক একটি যাত্রীবাহী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে যাত্রীরা আহত হয়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে আসে।
গাড়িতে পানির মধ্যে থাকা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. হাসান উদ্দিন জানান, নিয়ন্ত্রণ হারিয়ে দশমিনা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে ঘটনাস্থলে পৌঁছে ২১ জন আহত যাত্রীকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এদের মধ্যে চারজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক আয়েশা আক্তার বলেন, বিকেলে সড়ক দুর্ঘটনায় এ পর্যন্ত ২১ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চারজনকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















