গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামের ভর্তি পরীক্ষা-২০২৬ আজ রবিবার ২ আগস্ট সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আজ সকাল সাড়ে ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ম্যাটেরিয়ালস এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

একই দিন দুপুর ২টা থেকে হতে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, আর্কিটেকচার বিভাগ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের নেতৃত্বে উপ-উপাচার্য অধ্যাপক ড. রুমাসহ অন্যান্য অধ্যাপকবৃন্দ পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেন। উপাচার্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে ডুয়েটের সবুজ ক্যাম্পাসে স্বাগত জানিয়ে তাদের সফলতা কামনা করেন। নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

ডেস্ক রিপোর্ট 






















