চট্টগ্রাম নগরে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ প্রায় সোয়া কোটি টাকার মালামাল লুটের ঘটনায় ভুয়া ডিবি চক্রের মূলহোতা সাজু মিয়াকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।গ্রেপ্তারের পর আদালতে নিজের জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তিনি।
পিবিআই সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর নগরের কোতোয়ালী থানাধীন কে.সি. দে রোডের শহীদ মিনারের আন্ডারগ্রাউন্ড থেকে ব্যবসায়ী পুলক দাশকে (৪৫) ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা স্বর্ণ বিক্রির নগদ ১৭ লাখ ৯০ হাজার ৫২০ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ প্রায় ১ কোটি ১৫ লাখ ৩৩ হাজার ৬৫০ টাকা মূল্যের জিনিসপত্র ছিনিয়ে নেয় তারা।

পরে পুলক দাশকে অজ্ঞাত স্থানে নিয়ে মুখ বাঁধা অবস্থায় গাড়ি থেকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় ওই বছরের ৮ অক্টোবর কোতোয়ালী থানায় মামলা করা হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় পরবর্তীতে বিজ্ঞ আদালত মামলাটির তদন্তভার পিবিআইকে দেন।
পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটের বিশেষ পুলিশ সুপার এস. এম. রফিকুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় ও ধারাবাহিক অভিযান চালিয়ে ভুয়া ডিবি চক্রের মূলহোতা সাজু মিয়াকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দেন। মামলার ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















