খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৩৬০ পরিবারের মধ্যে শর্তহীন নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে বাবুছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত প্রতিটি পরিবারকে ৬ হাজার টাকা করে এ সহায়তা দেওয়া হয়।
‘Emergency Assistance for Flash Flood and Landslide Affected People of Chattogram and Sylhet Divisions in Bangladesh’ প্রকল্পের আওতায় এ সহায়তা বিতরণ করা হয়। প্রকল্পে সহায়তা করছে ক্যাথলিক রিলিফ সার্ভিসেস (সিআরএস), বাস্তবায়নকারী সংস্থা কারিতাস বাংলাদেশ এবং বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করছে জাবারাং কল্যাণ সমিতি।
অনুষ্ঠানে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতিতে তাঁর প্রতিনিধি হিসেবে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা ত্রিরতন চাকমা। বক্তব্যে তিনি বলেন, আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজন পূরণে এ ধরনের মানবিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুর্যোগের সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সহায়তাকারী ও বাস্তবায়নকারী সংস্থাগুলোর প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে প্রকৃত ক্ষতিগ্রস্ত ও প্রয়োজনীয় পরিবারগুলোর কাছে সহায়তা স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
স্বাগত বক্তব্যে জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা বলেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার চেষ্টা করা হয়েছে। তিনি বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে আগাম সতর্কতা, সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা উপকারভোগীদের তালিকা প্রণয়ন ও যাচাই-বাছাই প্রক্রিয়ার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের প্রয়োজন বিবেচনায় নিয়ে তালিকা প্রস্তুত ও উপকারভোগী নির্বাচন করা হয়েছে।
অনুষ্ঠানে দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি মো. আল-আমিন, প্রকল্পের টিম লিডার বিদ্যুৎ জ্যোতি চাকমাসহ প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রকল্পসংশ্লিষ্টরা জানান, আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি প্রয়োজন মেটাতে শর্তহীন নগদ অর্থ সহায়তা হিসেবে বাবুছড়া ইউনিয়নের নির্বাচিত ৩৬০ পরিবারের মধ্যে মোট ২১ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















